প্রিন্ট এর তারিখঃ May 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
শিশু রামিসার ধর্ষক ও খুনির প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ইসলামী যুব মজলিসের মানববন্ধন

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং সম্প্রতি ধর্ষণের শিকার রামিসার ঘটনার সুষ্ঠু বিচার ও ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী যুব মজলিস।
শুক্রবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ সদর থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব মজলিসের সদর থানা সভাপতি মুহাম্মদ শামীমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইন, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, ইসলামী যুব মজলিসের জেলা সহ-সভাপতি তানভীর শিকদার, সহ-সাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন, ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ হুসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রামিসার মতো অবুঝ ও নিরপরাধ মেয়েরা আজ নিজ দেশে নিরাপদ নয়। দেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ বাড়ার অন্যতম কারণ দীর্ঘমেয়াদী বিচারপ্রক্রিয়া এবং আইনের ফাঁকফোকরে অপরাধীদের পার পেয়ে যাওয়ার সুযোগ। শুধু আইনের বইয়ে শাস্তি থাকলেই অপরাধ কমে না, যদি না তার দ্রুত ও দৃষ্টান্তমূলক প্রয়োগ নিশ্চিত করা হয়।
বক্তারা আরও বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী নারীদের সম্মান ও সম্ভ্রম রক্ষা করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কঠোর ও দৃশ্যমান শাস্তি কার্যকর করা হলে তা সম্ভাব্য অপরাধীদের নিবৃত্ত করবে এবং সমাজে শক্ত বার্তা দেবে। এজন্য রামিসাসহ সকল ধর্ষণ ও নির্যাতনের ঘটনার স্থায়ী অবসান ঘটাতে ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ শামীম বলেন, প্রশাসন যদি দ্রুত রামিসার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনে, তাহলে সাধারণ জনগণ ও যুব সমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট